• ২৫ কার্তিক ১৪৩৩, শনিবার ১৪ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

State Election Commission

কলকাতা

রাজ্যপালের পুনর্নির্বাচনের দাবি খারিজ রাজ্য নির্বাচন কমিশনারের, কাল শ্রীরামপুর ও দক্ষিণ দমদমের ২টি বুথে ভোটগ্রহণ

পুরসভা ভোটে অনিয়মের অভিযোগে বিরোধীদের তোলা পুনঃনির্বাচনের দাবি খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একটি বুথে ও দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের একটি বুথে ফের ভোটগ্রহণ করা হবে। ওই দুটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট প্রক্রিয়া ব্যাহত হয় বলে কমিশন সূত্রে খবর।এদিন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর, সেই বৈঠকেই রাজ্যপাল কমিশনারকে বলেন যে সব পুরসভায় সন্ত্রাস হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে সেখানে পুনর্নির্বাচন হোক। যদিও কমিশনার তাঁকে জানেন, কমিশন এইভাবে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। জেলাশাসকেরা যে রিপোর্ট পাঠাবেন সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই কমিশন কোনও বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনও পর্যন্ত জেলাশাসকদের তরফে তেমন কোনও রিপোর্ট আসেনি কমিশনের কাছে। তাই পুনর্নির্বাচনের কোনও সম্ভাবনা নেই। রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ছিল নির্বাচন। ওইদিন প্রায় ১০ হাজার বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন রাজ্যের প্রায় ১০ লক্ষ মানুষ। সেই নির্বাচনকে ঘিরে বিরোধীরা হাজারো অনিয়মের অভিযোগ তুলেছে, এমনকী বিজেপির তরফে কাঁথি পুরসভার নির্বাচন বাতিল করে ফের ভোটগ্রহণের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠোকাও হয়েছে। কিন্তু এদিন রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও বুথ থেকেই কোনও বড় রকমের কোনও অনিয়মের রিপোর্ট আসেনি। তাই কোনও পুরসভার কোনও বুথেই আর পুনর্নির্বাচন হচ্ছে না। তবে দুটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সেখানে মঙ্গলবার ফের ভোটগ্রহণ করা হবে।

ফেব্রুয়ারি ২৮, ২০২২
কলকাতা

পুরভোটে হিংসার বিবরণ চেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের। সেই অভিযোগ সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে তাঁকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে বিকেলে সাড়ে তিনটের সময় ডেকে পাঠানো হয়েছে রাজভবনে। পুরভোটের শেষ দফায় রাজ্যজুড়ে একের পর এক হিংসার অভিযোগ উঠেছে। সে বিষয়ে কথা বলার জন্য কমিশনারকে তলব করেন রাজ্যপাল। রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, পুরভোটে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা সংক্রান্ত যা অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করার প্রয়োজন। আর সেই কারণেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। ভোটগ্রহণে অশান্তির ঘটনার উল্লেখ করেন তিনি, সেটিকে গণতন্ত্রের ব্যর্থতা বলেও ব্যাখ্যা দেন রাজ্যপাল।এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনারের কী বক্তব্য থাকতে পারে, সেটাই দেখার। বুথ দখল, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর থেকে শুরু করে বোমাবাজি-র অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও ডিজি-র দাবি, ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে।পুরভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ করছে বিজেপি। বনধ সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নেমেছেন। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরেও যায় বিজেপি-র প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্য নেতা শিশির বাজোরিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল। কমিশনে চিঠি দিয়ে ১০৮ পুরসভার ভোটই বাতিলের দাবি জানিয়েছে বিজেপি।

ফেব্রুয়ারি ২৮, ২০২২
কলকাতা

নির্বাচন কমিশনের সামনে বিজেপির ঘেরাও অভিযানে ধুন্ধুমার

একাধিক বিজেপির যুব মোর্চার রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপ কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন।আটক করা হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও।বিজেপির যুব মোর্চার মিছিল কমিশনের অফিসের সামনে পৌঁছতেই ব্যারিকেড করে দেয় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশও। বিজেপির অভিযোগ, পুরভোটে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকিও দেওয়া হচ্ছে। কোথাও বিজেপি প্রার্থীর বাড়িতে গুলি, কোথাও বিজেপি প্রার্থীদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠছে। রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে বিজেপি। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব।বিক্ষোভকারীদের বক্তব্য, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলাতে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি । আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে । রাজ্য নির্বাচন কমিশন দল দাসে পরিণত হয়েছে ।

ফেব্রুয়ারি ১০, ২০২২
রাজ্য

Municipal Election: পুরভোটের প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ করল রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যে চার পুরনিগমের নির্বাচনী প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ করল রাজ্য নির্বাচন কমিশন। সেই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে সাইকেল ও বাইক মিছিল। করোনার লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধির আবহে কোনওরকম বড় সভা করা যাবে না বলেও জানিয়ে দিল কমিশন।কমিশনের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রচারে কোনওরকম রোড শো এবং পদযাত্রা করতে পারবে না রাজনৈতিক দলগুলি। নিষিদ্ধ সাইকেল বা বাইক মিছিল। আগে যদি কোনও রাজনৈতিক দলকে রোড শো, সাইকেল বা বাইক মিছিলের অনুমতি দেওয়া হয়ে থাকে, তা-ও বাতিল করা হল।আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি আসানসোলে পুরভোট রয়েছে। এই সময় সংক্রমণ বেলাগাম হতেই রবিবার কোভিড বিধিনিষেধ আরও কড়া করেছে রাজ্য সরকার। এই আবহে পুরভোটের প্রচারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করল কমিশন। পুরভোটের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারবেন। তবে নিরাপত্তারক্ষী ছাড়া প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ চার জন থাকতে পারবেন প্রচারে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি।নির্দেশিকায় কমিশন জানিয়েছে, প্রচারে কোনও বড় সমাবেশ করা যাবে না। বড় মাঠে রাজনৈতিক দলের সভায় সর্বোচ্চ ৫০০ জন উপস্থিত থাকতে পারে। ওই মাঠে ঢোকা এবং বেরনোর পথ আলাদা রাখতে হবে। যদিও চার দেওয়ালের ভিতর অর্থাৎ কোনও অডিটোরিয়াম বা কনফারেন্স হলে সভা হয়, সেখানে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ উপস্থিত থাকতে হবে। তবে সেই সংখ্যা কখনওই ২০০-র বেশি হবে না।কমিশন আরও জানিয়েছে, ভোটের দিন একেবারে শেষ ঘণ্টায় অর্থাৎ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন কোভিড আক্রান্তরা।

জানুয়ারি ০৩, ২০২২
কলকাতা

Election Commission: অগস্টের প্রথমেই ৫ কেন্দ্রের ভোটযন্ত্র পরীক্ষার নির্দেশ

ভবানীপুর-সহ রাজ্যে পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রস্তুতি আরও জোরাল করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন দপ্তর। প্রাথমিক ভাবে ওই পাঁচটি কেন্দ্রের ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ অগস্টের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে, অগস্টে বা সেপ্টেম্বরে উপনির্বাচন হতে পারে ধরে নিয়েই এগোচ্ছে রাজ্য নির্বাচন দপ্তর। যদিও নির্বাচনের মতোই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আরও পড়ুনঃ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআররাজ্যে যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেগুলি হল ভবানীপুর, খড়দহ, বাসন্তী, শান্তিপুর এবং দিনহাটা। ওই কেন্দ্রগুলির জন্যই প্রস্তুতিতে গতি আনার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। তবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ক্ষেত্রে এমন নির্দেশ দেওয়া হয়নি। কমিশন সূত্রে খবর, এই দুটি বিধানসভায় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি বিধানসভা ভোটের আগেই সারা হয়ে গিয়েছিল। কারণ, ওই দুটি আসনে ভোট স্থগিত ছিল প্রার্থীদের মৃত্যুতে। ফলে সেখানে আর নতুন করে ভোটযন্ত্র পরীক্ষার প্রয়োজন নেই। কিন্তু যে পাঁচটি আসনে ভোট হয়েছিল, সেখানে নতুন করে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার প্রয়োজন আছে। রাজ্য নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আমরা সবরকম প্রস্তুতি রাখছি। রাজ্যসভা হোক বা বিধানসভা সব রকম নির্বাচনের জন্য দপ্তর প্রস্তুত।

জুলাই ২১, ২০২১
কলকাতা

জোড়া রদবদল রাজ্য প্রশাসনে, সরলেন রাজ্য নির্বাচন কমিশনের দুই কর্তা

ফের রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিু জারি করে আমলাস্তরে জোড়া রদবদল করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর একাধিক পদের রদবদল করেছেন। দুটি পরিবর্তন সেই তালিকায় নবতম সংযোজন।নির্বাচনের আগে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব ছিলেন সংঘমিত্রা ঘোষ। নির্বাচনের মুখে রাজ্য নির্বাচন কমিশনে একাধিক আধিকারিককে সরানো হয়। সেই সময় কমিশনের অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে আনা হয় ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষকে। ভোট মিটে যাওয়ার পর সরকার গঠন হতেই তাঁকে পুরনো পদেই ফেরানো হল। আরেক অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার স্মারকি মহাপাত্রকে সরিয়ে দেওয়া হল। বদলে তাঁকে রাজ্যে অর্থদপ্তরের সচিব পদে নিয়োগ করা হল। তিনি ২০০২ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার।রাজ্যে মিটে গিয়েছে ভোটপর্ব। ২০০-রও বেশি আসন নিয়ে তৃতীয়বার সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। আর ভোট মিটতেই রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে। ভোটের পরই বদলানো হয়েছে বীরভূমের জেলাশাসক এবং এসডিপিও-কে। তেমনই রাজ্য পুলিশের আরও একাধিক পদে বদল আনা হয়েছে।বীরভূমের জেলাশাসকের পদে ডিপি কারনামের জায়গায় আসতে চলেছেন বিধানচন্দ্র রায়। তিনি এর আগে খাদ্যদপ্তরের যুগ্ম সচিব পদে ছিলেন। ডিপি কারনামকে করা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ডিরেক্টর। এছাড়া তিনি বিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বও সামলাবেন। শ্রী নিখিল নির্মলকে করা হয়েছে বস্ত্রমন্ত্রকের ডিরেক্টর। এদিকে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অভিষেক তিওয়ারিকে করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব। অন্যদিকে, ধবল জৈনকে করা হয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। এছাড়া সরানো হয়েছে নদিয়ার জেলাশাসক পার্থ ঘোষকেও। তাঁকে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ অ্যাগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে। যে পদে এতদিন ছিলেন ধবল জৈন। সেই রদবদলের তালিকা এদিন আরও দীর্ঘ হল।

মে ২০, ২০২১

ট্রেন্ডিং

দেশ

সিকিমে ভয়াবহ তুষারপাত! বরফের চাদরে আটকে ৩০০-র বেশি গাড়ি, মাঝপথে বিপাকে হাজার পর্যটক

ফের ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিম। বরফের চাদরে ঢেকে গেল পাহাড়ি রাস্তা। আটকে পড়ল তিনশোরও বেশি গাড়ি। বিপাকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালাতে হয় ভারতীয় সেনা, পুলিশ ও সিকিম প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোর বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি। প্রতিটি গাড়িকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন সেনার জওয়ানেরা।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ এলাকায় বরফ পড়তে শুরু করে। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়ে। দ্রুত বদলে যায় আবহাওয়া।পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। উঁচু এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর মধ্যেই রাস্তার উপর জমতে থাকে পুরু বরফ। ফলে যান চলাচল ক্রমশ কঠিন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় রাস্তার উপর প্রায় এক ফুট পুরু বরফ জমে যায়।শেরথাং চেকপোস্ট ও পুলিশ স্টেশনের কাছে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মাঝামাঝি থুলা খোলা এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যেতে থাকে। কোথাও কোথাও তৈরি হয় বিপজ্জনক ব্ল্যাক আইস। এই ধরনের বরফ বাইরে থেকে সাধারণ রাস্তার মতো দেখালেও অত্যন্ত পিচ্ছিল। ফলে চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় আর এগোতে পারেননি।এর পরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা, পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ শুরু করে। বিশেষ অভিযানে একের পর এক গাড়িকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সে বারও ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

কালীঘাটের বাড়িতে হঠাৎ পুলিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস, ২০ নভেম্বর থানায় তলব

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে সাংসদকে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।কী কারণে এই নোটিস? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশের এই নোটিসের জবাবে অভিষেক কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্ধারিত দিনে তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজ্য

বক্সার জঙ্গলে আনা বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির পর তিন শাবকের মৃত্যু, তদন্তে দিল্লির দল!

বক্সার জঙ্গলে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। বাঘিনিটি কি বক্সায় আনার আগেই অন্তঃসত্ত্বা ছিল? তাকে বারবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করার কারণে কি গর্ভেই মৃত্যু হয়েছে শাবকদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দিল্লি থেকে আসা এই দলে রয়েছেন ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।সূত্রের খবর, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করার সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনার কথা সামনে আসে। আরও দাবি করা হচ্ছে, গত ৩ নভেম্বর অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ওই রাতেই তাকে আবার বক্সার নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, অসমে তাকে ঘুমপাড়ানি গুলি করার পর তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়।এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। যদিও বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া বা তার গর্ভের শাবকদের মৃত্যুর বিষয়ে বন দফতরের আধিকারিকেরা এখনও কোনও তথ্য নিশ্চিত করেননি। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।বাঘ বিশেষজ্ঞদের একাংশের মতে, বাঘিনিটি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকলে তাকে অন্য জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ২০১৯ সালের নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা, শাবককে দুধ খাওয়াচ্ছে এমন বা ঋতুমতী বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না। সেই নির্দেশিকা মেনেই বাঘিনিকে স্থানান্তর করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনিকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।বনমন্ত্রীর আরও দাবি, বক্সার বাঘিনি, যাকে ডুয়ার্সরানি নামেও ডাকা হচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছে এবং বক্সাতেই আছে। সে যদি ওই জঙ্গলে স্থায়ী ভাবে থাকতে শুরু করে, তা হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা করা হবে।এ দিন বনমন্ত্রী নিজেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গিয়ে বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, বাঘিনিকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠায় বন দফতরের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন আধিকারিকের দাবি, তাঁরা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই কাজ করছেন। বাঘিনির বয়স সম্পর্কে তাঁদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই তাঁরা মেনে নিয়েছেন।জানা গিয়েছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনার পর একাধিকবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করতে হয়েছে। কখনও রেডিয়ো কলার খুলে যাওয়ায় সেটি ঠিক করার জন্য, আবার কখনও বক্সা থেকে পালিয়ে অসমে চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ করা হয়। প্রতিবারই অচেতন করার পর জ্ঞান ফেরাতে ওষুধ দেওয়া হয়েছে।বাঘিনিটিকে বিহার, বাংলা ও অসমের মধ্যে সড়কপথে এবং আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে। বারবার স্থান পরিবর্তন, যাতায়াতের ধকল এবং ঘুমপাড়ানি ওষুধের প্রভাব তার শরীরে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সত্যিই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? তার গর্ভের শাবকদের কি মৃত্যু হয়েছে? নাকি এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন? আপাতত তদন্তকারী দলের রিপোর্টের দিকেই তাকিয়ে বন দফতর ও বন্যপ্রাণীপ্রেমীরা।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই উল্টো দিক থেকে এল ট্রাক! কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৩

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি মিনিবাসের। এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসে বেশির ভাগ যাত্রীই পড়ুয়া ছিলেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুলি চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েক জনকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতিসীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও বাসটি দ্রুতগতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নভেম্বর ১৩, ২০২৬
বিনোদুনিয়া

শিবা এন্টারটেইনমেন্টের নতুন ছবির প্রি প্রোডাকশন ও অভিনেত্রীর জন্মদিন উদযাপন

শিবা এন্টারটেইনমেন্টের ব্যানারে নতুন ছবি অরণ্যের আতঙ্ক। এই ছবির কলাকুশলীদের উপস্থিতিতে ডুয়ার্স এর গভীর জঙ্গলে অরণ্যের আতঙ্ক-র প্রি প্রোডাকশনের কাজ শেষ হল। এর পাশাপাশি শিবা এন্টারটেইনমেন্টের অভিনেত্রী ভেদিকার জন্মদিন উদযাপন হল। ভেদিকার জন্মদিনে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ছাড়াও শিবা এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রফেসর সুবীর ভট্টাচার্য। তাঁর ব্যবস্থাপনায় অভিনেত্রী র জন্মদিন উদযাপিত হয়। শিবা এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে বর্তমানে বেশ কিছু ছবি পাইপলাইনে রয়েছে। এর মধ্যে ভূতের কৌতুহল হল মহরত হবে এই মাসে। এছাড়া এই প্রোডাকশনের অন্যান্য ছবির আপডেট ও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে জানিয়েছেন প্রযোজক সুবীর ভট্টাচার্য। জনতার কথা টিমের পক্ষ থেকে ভেদিকার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

বাবার খুনের বদলা নিতে ৬ বছর ধরে অপেক্ষা! সুযোগ বুঝে খুনিকে ধাওয়া করে কুপিয়ে মারল ছেলে

বাবাকে খুনের বদলা নিতে ছয় বছর ধরে অপেক্ষা! অবশেষে সুযোগ বুঝে বাবার খুনের অভিযুক্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনায় সাহায্য করার অভিযোগে ওই যুবকের দুই বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রাজস্থানের জয়পুরের জগদম্বানগর এলাকার। এই ঘটনায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয় বাজিয়া। ২০১৯ সালে একই এলাকার বাসিন্দা কৈলাসকে খুনের অভিযোগ উঠেছিল বিজয়ের বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি। তার পর জগদম্বানগর এলাকায় একটি দোকান চালাতে শুরু করেন বিজয়।অন্য দিকে, বাবার মৃত্যুর পর থেকেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিলেন কৈলাসের ছেলে হানিশ। তদন্তকারীদের দাবি, প্রায় ছয় বছর ধরে বিজয়ের উপর নজর রাখছিলেন তিনি। কখন বিজয় দোকান খোলেন, কখন বন্ধ করেন, কখন বাড়ি ফেরেন এবং সেই সময় তাঁর সঙ্গে কেউ থাকেন কি না, সব কিছুই খোঁজ রাখতেন হানিশ। সেই অনুযায়ী খুনের পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি বলে পুলিশের প্রাথমিক অনুমান।সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার ভয়াবহ ছবি। বুধবার রাতে দোকান থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন বিজয়। সেই সময় একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে। কী কারণে ধাক্কা লাগল, তা জানতে গাড়ি থেকে নেমে আসেন বিজয়। কিন্তু সামনে হানিশকে দেখে পরিস্থিতি বুঝতে পারেন তিনি। হানিশের হাতে ছিল ধারালো অস্ত্র।এর পর প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন বিজয়। কিন্তু তাঁকে ধাওয়া করেন হানিশ। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর বিজয়কে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়ের।খবর পেয়ে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এর পর হানিশ এবং তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবার হত্যার প্রতিশোধ নিতেই এই খুনের পরিকল্পনা করেছিলেন হানিশ। তবে কী ভাবে গোটা ঘটনার ছক তৈরি করা হয়েছিল এবং তাঁর দুই বন্ধু ঠিক কী ভাবে সাহায্য করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছয় বছর আগের একটি খুনের ঘটনা থেকে শুরু হওয়া এই প্রতিশোধের পরিণতি ঘিরে জয়পুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

বাজির ধোঁয়ায় নাকি পরিবেশ শুদ্ধ হত! দূষণ বিতর্কের মাঝেই মোহন ভাগবতের মন্তব্যে শোরগোল

শীতের শুরুতেই দূষণের কবলে উত্তর ভারতের একাধিক শহর। দিল্লি, মুম্বইয়ের মতো শহরে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এর মধ্যে দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এমন পরিস্থিতিতে বাজি পোড়ানোর পক্ষে কার্যত সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, অতীতে বাজি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হত না। বরং বাজির ধোঁয়া ক্ষতিকর কীটপতঙ্গ মেরে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করত।বুধবার নাগপুরে আয়োজিত দীপাবলি মিলন উৎসব-এ যোগ দিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীপাবলিতে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন প্রথার পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। তাঁর দাবি, অতীতে যে ধরনের বাজি ব্যবহার করা হত, তাতে এখনকার মতো ক্ষতিকর রাসায়নিক থাকত না।ভাগবতের কথায়, আগে বাজির ধোঁয়ায় অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মারা যেত। বিশেষ করে ফসল কাটার মরসুমে এই ধরনের বাজি কার্যকর ভূমিকা নিত। তাঁর দাবি, এর ফলে পরিবেশও পরিষ্কার থাকত। তবে বর্তমানে বাজি তৈরিতে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তা আগের মতো ছিল না বলেই জানান তিনি।শুধু আতশবাজি নয়, দীপাবলিতে ঘি ও তেলের প্রদীপ জ্বালানোর পিছনেও বৈজ্ঞানিক কারণ রয়েছে বলে দাবি করেন সঙ্ঘপ্রধান। তাঁর বক্তব্য, ঘি বা তেলের প্রদীপ জ্বালালে পরিবেশে বিশেষ ধরনের বায়ুস্তর তৈরি হয়। তাই প্রাচীন প্রথাগুলির পিছনে থাকা কারণ বুঝে উৎসব পালন করা উচিত বলে মনে করেন তিনি।উৎসবের গুরুত্ব বোঝাতে গিয়ে ভাগবত বলেন, উৎসব সমাজকে একসঙ্গে থাকতে এবং চাঙ্গা রাখতে সাহায্য করে। কেউ চাইলেই এই উৎসব বন্ধ করতে পারবেন না। তবে সঠিক মানসিকতা নিয়ে উৎসব পালন করা জরুরি। তাঁর মতে, দীপাবলি শুধু আলোর উৎসব নয়, অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক। এই উৎসবের মাধ্যমে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং ঐক্য গড়ে তোলার বার্তাও পাওয়া যায়।প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বারও কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা ছিল। পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব বাজি ব্যবহারের পরামর্শ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় ব্যাপক ভাবে বাজি পোড়ানো হয়েছে বলে অভিযোগ। এমনকি হাসপাতালের মতো সংবেদনশীল এলাকাতেও বাজি ফাটানোর অভিযোগ উঠেছে।দিল্লি-সহ দেশের একাধিক শহরে যখন বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখনই বাজি পোড়ানোর পিছনে বৈজ্ঞানিক যুক্তির কথা তুলে ধরলেন মোহন ভাগবত। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal